নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মো. ওয়াসিম (২২) কে ৫৩ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।


আসামিরা ফতুল্লা থানার নিউ চাষাড়া জামতলা এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করে। তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইনে, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। তারা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মাদক ব্যবসা পরিচালনা করত। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available