অনলাইন ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৯ মে মঙ্গলবার সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।


মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে সবার অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে পানিতে ডুবে মোহাম্মদ আলী (২) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত থাকাকালে শিশুটি বাড়ির আঙিনা থেকে অজান্তেই পাশের বিলে পড়ে যায়। পরে তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা বিলের কিনারা থেকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available