টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৭ জুন বুধবার ভোররাতে বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ জুন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে মো. নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমির সীমানাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। এ সময় যুবদল নেতা শাহ আলম গুরুতর আহত হন।
আহত যুবদল নেতা শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available