টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
২০ জুন শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। প্রথমে সেটি উদ্ধারে কূপে নামেন নেইমার ম্রং। কিছুক্ষণ পর তার সাড়া না পেয়ে তাকে উদ্ধারে নামেন বাবা বাবুল হাদিমা। এরপর একে একে গাব্রিয়াল ও রতন নকরেকও কূপে নামেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেন সংকটপূর্ণ ওই কূপে উদ্ধার অভিযান চালান এবং একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের অভাবে তারা অচেতন হয়ে পড়েন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুর হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহগুলো গ্রহণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available