অনলাইন ডেস্ক: চলতি বছরের আগস্টে বহুল প্রতীক্ষিত ঢাকা–পাবনা রেলপথে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
২০ জুন শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগস্টে দুটি নতুন রুটে ট্রেন চালু করা হবে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা–পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। পরে চালু হবে ঢাকা–খুলনা রেলপথে সরাসরি ট্রেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ যুক্ত করা হবে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কাজ ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এটি জনস্বার্থে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বলে সরকার দ্রুত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে তিনি বলেন, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা হবে। কোনো নির্দিষ্ট পক্ষকে সুবিধা না দিয়ে জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available