অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইলফোন ভাঙচুর করে।
নিহত আক্কাস আলী খলিফা চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ৫ মে মঙ্গলবার সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ড্রামট্রাক আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মহাসড়কে নেমে আসেন এবং ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা এসময় ঘাতক ট্রাকসহ দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দিয়ে ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখেন।

এসময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর চড়াও হয় উত্তেজিত জনতা এবং তার মোবাইল ফোনটি ভাঙচুর করা হয়। বিক্ষোভের কারণে শুরুতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বাধার সম্মুখীন হয়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জলকামান ব্যবহার করে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available