• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩৬:৪৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ জুন ২০২৬ দুপুর ০২:৪৭:২৮

সীতাকুণ্ডে মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাংলাবাজার এলাকায় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে ইমামতি করলেও মাগরিব ও এশার নামাজের সময় তাকে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি কোনো কাজে বাইরে গেছেন। পরে দীর্ঘ সময়েও তাকে না পেয়ে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষে খোঁজ নিতে যান। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় জানালা দিয়ে উঁকি দিলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের কাপড় গলায় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এ সময় কক্ষের নিচে একটি মইও পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে কক্ষে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। সেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।

ইফতেকার আহমেদ আরও বলেন, দীর্ঘ ১৩ বছর মসজিদে দায়িত্ব পালনের সুবাদে এলাকাবাসীর সঙ্গে আমির হোসেনের সুসম্পর্ক গড়ে উঠেছিল। তিনি অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা ছিল, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us