বিনোদন ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্রের গানের ইতিহাসে কালজয়ী অন্যতম গান ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার জন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এ গানের সঙ্গে শ্রোতাদের গভীর অনুরাগ জড়িয়ে আছে। দীর্ঘ ৪৪ বছর ফের গানটি গাইলেন এই শিল্পী। নতুন সংস্করণের এই গান ব্যবহার করা হবে ‘দম’ সিনেমায়।
১১ মার্চ বুধবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ‘দম’ সিনেমার জন্য নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে ‘এই মন তোমাকে দিলাম’-এর সংস্করণটি। তবে এটি হুবহু আগের গান নয়, মূল গানের আবহ ও আবেদন ধরে রেখে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস।


এত বছর পর গানটি রেকর্ড করে ভালো লাগার কথা জানিয়েছেন সাবিনা ইয়াসমীন। তিনি বলেন, “নতুন গানটা ভালো লেগেছে বলেই কাজটি করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।”

গানটির রেকর্ডিং শেষে ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরির অভিনয়েরও প্রশংসা করেন। পাশাপাশি সিনেমা সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানান সাবিনা ইয়াসমীন।
পুরোনো গান ‘দম’ সিনেমায় ব্যবহারের কারণ ব্যাখ্যা করেছেন সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, “দম’ বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি, যা সবরকম অনুভূতিকে স্পর্শ করে।”
খানিকটা ব্যাখ্যা করে রেদওয়ান রনি বলেন, “এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। ‘দম’ সিনেমাও এমন গল্প নিয়ে নির্মিত, যা দর্শকদের নানারকম অনুভূতিকে স্পর্শ করবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available