বিনোদন ডেস্ক: সাত বছর পর আবারও জমকালো আয়োজনে ফিরেছে দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার। ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ছিল আলোকোজ্জ্বল ও তারকাবহুল।
চূড়ান্ত প্রতিযোগিতায় সবার নজর কাড়েন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে তিনিই জয় করেন লাক্স সুপারস্টার ২০২৫-এর মুকুট।


বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন ফরিদুর রেজা সাগর, রুহুল কুদ্দুস খান এবং বিদ্যা সিনহা মিম।

তারকায় ভরা এ আয়োজনে শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। গ্র্যান্ড ফিনালের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রতিযোগী—বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাযাহ নাওয়ার বিনতে নুরুল। প্রতিযোগিতা শেষে বিজয়ের হাসি হাসেন বর্ণিতা।
বিজয়ীর জন্য ছিল বিশেষ চমক—সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি ট্রফির পাশাপাশি একটি বিলাসবহুল গাড়ি তুলে দেওয়া হয় তার হাতে। প্রথম রানার আপ হয়েছেন আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপ নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
আয়োজকদের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবারের আসরকে সাজানো হয় নতুনভাবে। শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল এবং কনটেন্ট তৈরির সক্ষমতাকেও মূল্যায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অনেকেই ইতোমধ্যে চলচ্চিত্র, নাটক ও ওটিটিতে শক্ত অবস্থান তৈরি করেছেন, যা এই প্রতিযোগিতার সফলতারই প্রতিফলন।
পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের গ্রুমিং করিয়েছেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন জয়া আহসান, রায়হান রাফী এবং মেহজাবীন চৌধুরী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available