আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের সাবেক পুলিশপ্রধান মাইকেল রিটার দাবি করেছেন, ২০০৬ সালে জেফরি এপস্টেইনকে নিয়ে তদন্ত শুরুর সময় তিনি তৎকালীন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোনকল পেয়েছিলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে এফবিআইয়ের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারের লিখিত নথিতে রিটার এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি প্রকাশিত নথিপত্রে ওই সাক্ষাৎকারের সারাংশ অন্তর্ভুক্ত রয়েছে।


রিটারের দাবি অনুযায়ী, ট্রাম্প তাকে ফোন করে এপস্টেইনের আচরণ সম্পর্কে অবগত থাকার কথা বলেন এবং তদন্ত কার্যক্রমকে ইতিবাচকভাবে উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, ট্রাম্প জানান যে এপস্টেইনকে তার মার-এ-লাগো ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল।
নথিতে পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ না থাকলেও বিবিসি জানায়, তিনি মাইকেল রিটার, যিনি মিয়ামি হেরাল্ডকেও একই তথ্য দিয়েছেন।
রিটার আরও দাবি করেন, ট্রাম্প তাকে গিলেন ম্যাক্সওয়েলের বিষয়ে সতর্ক থাকতে বলেন এবং এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে নিউইয়র্কে বহু মানুষের জানাশোনার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, জেফরি এপস্টেইন একজন দণ্ডিত যৌন অপরাধী ছিলেন। তাকে ঘিরে প্রকাশিত নথিপত্রে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় বিষয়টি যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে এসব দাবির বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available