আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর শনিবার নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ২০১ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন বৃষ্টি হামলা করেছে। খবর এএফপির।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিই এই হামলার শিকার হয়েছে। ইরানের বিচার বিভাগ দাবি করেছে, দক্ষিণাঞ্চলে একটি স্কুলে হামলায় ৮৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে, যাকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘বর্বরতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।


আক্রমণের পরপরই ইরানের বিপ্লবী গার্ডস (IRGC) পাল্টা হামলা শুরু করে। তারা জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের অভ্যন্তরে ‘সামরিক ও নিরাপত্তা কেন্দ্র’গুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আরব আমিরাত জানিয়েছে, দুবাই ও আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট করে বলেছেন, “আসন্ন হুমকি দূর করতে এবং ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দিতেই এই অভিযান।” তিনি ইরানিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের মুক্তির সময় চলে এসেছে, সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।” ২০০৩ সালে ইরাক আক্রমণের পর কোনো বিদেশি সরকার উৎখাতে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২০০টি যুদ্ধবিমান মধ্য ও পশ্চিম ইরানে এই ঐতিহাসিক বিমান হামলায় অংশ নিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, “যতদূর জানি খামেনি এবং সব উচ্চপদস্থ কর্মকর্তা বেঁচে আছেন।” অন্যদিকে, ইসরায়েলের দাবি, কর্মকর্তাদের এক সভায় হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি নেতা ‘নিশ্চিতভাবে নির্মূল’ হয়েছেন।
যুদ্ধের ভয়াবহতায় ইরান, ইরাক, কুয়েত, সিরিয়া, আরব আমিরাত ও ইসরায়েল তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। ওমান অবিলম্বে এই সামরিক তৎপরতা বন্ধ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available