আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত শান্তি আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরুর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন এবং আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুব বেশি দেরি না করেই আবার খুলে যাবে। তার ভাষায়, এটি ‘অদূর ভবিষ্যতেই’ পুনরায় চালু হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্বের সমুদ্রপথে বহু বড় তেলবাহী খালি ট্যাংকার যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে সেগুলো মার্কিন তেল ও গ্যাস নিয়ে যেতে পারে।


ট্রাম্প আরও বলেন, এসব ট্যাংকারের গতিপথ ইঙ্গিত করছে যে হরমুজ প্রণালির বিকল্প পথও রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত তেল ও গ্যাস মজুত আছে এবং বিশ্বের অন্যতম মানসম্পন্ন জ্বালানি সরবরাহে দেশটি প্রস্তুত।

আলোচনায় ইরান সদিচ্ছা নিয়ে অংশ নিচ্ছে কীনা—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তিনি শুধু বলেন, খুব শিগগিরই এ বিষয়ে জানা যাবে। আলোচনা কতটা এগোচ্ছে, সে প্রশ্নে তার মন্তব্য ছিল, তিনি এখনই নিশ্চিত নন। তবে প্রয়োজন হলে নতুনভাবে পরিস্থিতি পুনর্বিন্যাসের জন্যও যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এদিকে এই বৈঠকের কেন্দ্রীয় বিষয়গুলোর একটি হচ্ছে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল ব্যাপকভাবে সীমিত করে রেখেছিল, যার ফলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০টি বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করত। যুদ্ধবিরতির পরও জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি।
বিশ্ববাজারে তেলের দাম যুদ্ধকালীন সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমলেও এখনো যুদ্ধ শুরুর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে শুরু হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available