আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ ১৭ মে রোববার ভোরে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ভোর পৌনে ছয়টার দিকে কোটা জেলার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়।


ঘটনার সময় ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত তাদের নিরাপদে অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়, ফলে প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

পরে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে পাশের এলাকায় কিছু গাছপালাও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া যাত্রীদের কোটা স্টেশনে নেওয়া হবে। সেখানে নতুন বগি সংযুক্ত করে ট্রেনটি পুনরায় দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে।
১২৪৩১ নম্বরের রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল দিল্লির হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখন দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available