• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪১:৪৭ (21-May-2026)
  • - ৩৩° সে:

বলপ্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

২১ মে ২০২৬ সকাল ০৮:১৫:৩৫

বলপ্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা ‘অলীক কল্পনা’ ছাড়া কিছু নয়। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ নয়—পারস্পরিক সম্মানভিত্তিক কূটনীতিই স্থায়ী সমাধানের পথ।

২০ মে বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং যুদ্ধ এড়াতে সম্ভাব্য সব পথ খোলা রেখেছে। তিনি লেখেন, ‘আমাদের পক্ষ থেকে সব পথই খোলা আছে। বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।’

তিনি আরও বলেন, যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধান অনেক বেশি বিচক্ষণ, নিরাপদ ও টেকসই।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সৌদি আরব এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানকে দ্রুত আলোচনায় সাড়া দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আলোচনার বিকল্প নেই।

এর আগে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের ওপর নতুন হামলা সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প। তিনি জানান, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় সময় ১৮ মে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না।’

সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us