ডেস্ক রিপোর্ট: সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতন কোনোভাবেই সহ্য করব না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
১১ মে সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।


ধর্মমন্ত্রী বলেন, ‘তারেক রহমান প্রথমবার এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এত ভালো কাজ করছেন। এটা অনেকেই সহ্য করতে পারছেন না। এজন্য আপনাদের (সাংবাদিক) চোখ, কান খোলা রাখতে হবে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনে সোপর্দ করতে হবে।’

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষিকার্ড, দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারই দায়িত্ব নেওয়ার এত অল্প সময়ের মধ্যে এতো বেশি কাজ করতে পারেনি।
সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরে কায়কোবাদ বলেন, সাধারণত বিরোধী দল সরকারের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আজকাল তারা সেটা করেন না, বরং কীভাবে সরকারকে বিব্রত করা যায় সেই চেষ্টা করেন।
সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ কম উল্লেখ করে ধর্মমন্ত্রী নারী সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। তিনি মাদক সম্রাটদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার ভূমিকা পালনের অনুরোধ করেন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন জুলুমের শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।
সরকারকে কারা বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা সবাই।’
এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘ভারত বিশাল দেশ। তাদের আমি শ্রদ্ধা করি, এজন্য যে তারা গণতন্ত্রকে লালন করে। তবে আরও বেশি শ্রদ্ধা করব, তারা যদি সংখ্যালঘুদের আপন করে নেয়। নিরাপত্তা দেয়। তাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সব ব্যবস্থা নেয়।’ তিনি বলেন, ‘ভারতে কী হচ্ছে, এটা বড় বিষয় নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে-এমনটা হতে দেওয়া হবে না। এখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতন কোনোভাবেই সহ্য করব না।’
তাবলীগ জামাতের দুই পক্ষের আলাদাভাবে ইজতেমা করা নিয়ে মন্ত্রী বলেন, ‘ দুইপক্ষ যদি আগের মতো মিলে চলে খুব খুশি হব। কিন্তু এটা ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কী করবেন।’
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সংলাপের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available