অনলাইন ডেস্ক: আধুনিক ও প্রযুক্তিনির্ভর কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু হয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে। নতুন এ ব্যবস্থার মাধ্যমে বন্দিদের আর্থিক লেনদেন, অবস্থান শনাক্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
২১ জুন রোববার সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, নতুন ব্যবস্থায় বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ নগদ টাকাবিহীন (ক্যাশলেস) পদ্ধতিতে পরিচালিত হবে। এ জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্ভর কার্ড ব্যবহার করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বন্দিদের স্বজনরা কারাগারে এসে যে অর্থ জমা করবেন তা সরাসরি বন্দির নির্ধারিত ভার্চুয়াল হিসাবে যুক্ত হবে। পরে বন্দিরা আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী কিনতে পারবেন। এতে কারাগারের ভেতরে নগদ অর্থের লেনদেন সম্পূর্ণ বন্ধ হবে।
কারা প্রশাসনের দাবি, এ ব্যবস্থার মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্তকরণ, ডিজিটাল গণনা এবং নিরাপত্তা তদারকি আরও কার্যকর হবে। পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ‘মুন্সীগঞ্জ জেলা কারাগারকে দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব এবং আধুনিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে দেশের অন্যান্য কারাগারেও এ মডেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available