সিলেট প্রতিনিধি: সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
২৪ জুন বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন অত্যাধুনিক প্রবাসী কল্যাণ ডেস্কসহ বিভিন্ন সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে হযরত শাহজালাল (র.) মাজারের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ। কাকতালীয়ভাবে এ সময়েই বদলির আদেশ হয়েছে।
সম্প্রতি কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চিকিৎসা, নিরাপত্তা, বিশ্রামাগারসহ বিভিন্ন সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় প্রশাসন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available