• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৫৯:২৭ (18-May-2026)
  • - ৩৩° সে:

বিকেলে ফেসবুক পোস্টে ক্ষোভ, মধ্যরাতে এনসিপি নেতাকে বহিষ্কার

১৮ মে ২০২৬ সকাল ০৯:০৫:২০

বিকেলে ফেসবুক পোস্টে ক্ষোভ, মধ্যরাতে এনসিপি নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক: দলীয় আদর্শ বিচ্যুতি ও ডানপন্থি জোটে যোগদানের প্রতিবাদে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশের পর, মধ্যরাতে দল থেকে বহিষ্কার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে।

১৭ মে রোববার রাত পৌনে একটার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সর্দার আমিরুলকে বহিষ্কারের আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করা হয়। দলটির দাবি, বারবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলাপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Ad
Ad

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে জারি করা ওই বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ সর্দার আমিরুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতার পরও তিনি পুনরায় দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করে কার্যকলাপে লিপ্ত হন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার এবং সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Ad

এর আগে রোববার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে সর্দার আমিরুল ইসলাম লিখেছিলেন, ‘আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’ এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ–উদ্দীপনার সঙ্গে মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসেবে যুক্ত হয়েছিলাম। কিন্তু নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহ–উদ্দীপনাকে ম্রিয়মাণ করে। তবে এই সিদ্ধান্তকে রণকৌশল বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম অব‍্যাহত রাখি।’

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন-পরবর্তী সময়েও দলে ডানপন্থার প্রভাব বাড়তে থাকায় তিনি গত দুই মাস ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু নেতারা তখন তা গ্রহণ না করে পুনর্বিবেচনার অনুরোধ জানান।

দলের বর্তমান গতিপথ নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি লেখেন, এনসিপির যে প্রতিশ্রুতি দেখে তিনি এসেছিলেন, বর্তমানে তার প্রতিফলন নেই। সাধারণ মানুষের আশাভঙ্গ এবং দলের রণনীতির সাথে মতদ্বৈততা তৈরি হওয়ায় তিনি দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে পোস্ট শেষ করেন। এর কয়েক ঘণ্টার মাথায় মধ্যরাতে দল থেকে তাকে বহিষ্কারের ঘোষণা আসে।

উল্লেখ্য, সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি সদ্য গঠিত এনসিপিতে যোগ দেন। এর কিছুদিন আগে (২০২৫ সালের ১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে তার ছোট ভাই শাহরিয়ার আলম সাম্য খুন হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সাম্য স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯




Follow Us