সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক: দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ সবচেয়ে নিরাপদ স্থান হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।৭ মে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, ‘যারা বাংলাদেশবিরোধী ও দেশের স্বার্থবিরোধী, তারা নানা উসকানি দেবে, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে এবং প্রোপাগান্ডা চালাবে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।’তিনি বলেন, ‘সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।’পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, তাই আমরা এ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদের অধিকাংশই ছিল মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ।’বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘আমি সংসদেও বলেছি, সেখানে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার হরণ করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। নির্বাচনের পরও মুসলিম, মতুয়া, দলিত ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে।’নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায়সহ সব মানুষের দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পক্ষে কথা বলতে হবে।’