অনলাইন ডেস্ক: লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে তারা। ক্যাম্প নুউয়ে বুধবার রাতে লা লিগার ম্যাচটিতে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। পারফরম্যান্স খুব উজ্জ্বল না হলেও, ওই গোল ধরে রেখে তিন পয়েন্ট তুলে নিল বার্সেলোনা। এ জয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল।
তবে জয়ের আনন্দের মাঝেই বার্সেলোনার জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে ইয়ামালের চোট। গোল করার পরপরই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন স্প্যানিশ তারকা। ক্লাসিকোর ১৮ দিন আগে বার্সেলোনার জন্য যেমন এটি শঙ্কার, তেমনি বিশ্বকাপের ৫০ দিন আগে স্পেনের জন্যও দুর্ভাবনার। ৩২ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮২। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।


ঘরের মাঠে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। সেল্তারও তিনটি লক্ষ্যে ছিল ছয় শটের মধ্যে।

ম্যাচের প্রথম মিনিটেই বিপদে পড়তে বসেছিল বার্সেলোনা। সতীর্থের ক্রস বুক দিয়ে নামিয়ে বক্সের বাইরে থেকে শট নেন সেল্টার পাবলো দুরান, ঝাঁপিয়ে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। দ্বিতীয় মিনিটে দুরানের আরেকটি শট অনায়াসে ঠেকান এই স্প্যানিশ গোলরক্ষক।
বার্সেলোনা আক্রমণে উঠলেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ২৯তম মিনিটে বক্সের সামনে থেকে ইয়ামালের শট বাইরে দিয়ে যায়। একটু পর ইয়ামালের ক্রসে দানি ওলমোর হেডও লক্ষ্যে থাকেনি।
৩৯তম মিনিটে ইয়ামাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ১৮ বছর বয়সী এই তারকা। গোল করার পরই উদযাপনের সময় ডাগআউটের দিকে হাত উঁচিয়ে অস্বস্তি অনুভব করার ইঙ্গিত করেন তিনি।
ফিজিওর শুশ্রূষা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি ইয়ামাল। কোচ ফ্লিককে কিছু একটা বলে সরাসরি টানেল দিয়ে ভেতরে চলে যান তিনি।
এরপর খেলা শুরু হতে সময় লেগে যায় অনেকটা। প্রথমে বোঝা যাচ্ছিল না কারণ। মাঠের পাশে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছিলেন রেফারি। পরে স্টেডিয়ামের মাইকে ঘোষণা দেওয়া হয়, গ্যালারিতে দর্শকদের মধ্যে ‘মেডিকেল ইমারজেন্সি’ দেখা দিয়েছে। মুভিস্টার জানায়, একজন দর্শক কার্ডিয়াক অ্যারেস্ট-এ আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসাকর্মীরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেন।
২০ মিনিট পর আবার শুরু হয় খেলা। ইয়ামালের বদলি নামা রুনি বার্দগি প্রথমার্ধে গোলও পেতে পারতেন, তরুণ এই সুইডিশ উইঙ্গারের শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে খুব একটা গোছাল ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। ৫৫তম মিনিটে পেদ্রির ক্রসে বক্সে প্রথম স্পর্শে চমৎকার ভলিতে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ফেররান তরেস। কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি।
বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু আর করতে পারেনি স্বাগতিকরা। সফরকারীরাও পারেনি দারুণ কিছু করে দেখাতে।
৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে সেল্টা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available