ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে বার্সা
স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তের দুই গোলে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার লা লিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২ মে শনিবার অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর শেষদিকে রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেস গোল করে কাতালানদের জয় নিশ্চিত করেন।এই জয়ে ৪ ম্যাচ হাতে রেখে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ১৪ পয়েন্টে এগিয়ে। যদিও রিয়ালের একটি ম্যাচ কম রয়েছে। ৩ মে রোববার এস্পানিওলের বিপক্ষে রিয়াল জয় না পেলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে বার্সা।ম্যাচের ৮১তম মিনিটে ডান প্রান্ত থেকে মার্কাস রাশফোর্ডের বাড়ানো ক্রসে হেড করে গোল করেন লেভানডোভস্কি।এর পাঁচ মিনিট পর ফারমিন লোপেজের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।৮৮তম মিনিটে কাছ থেকে হেডে একটি গোল শোধ দেন ওসাসুনার রাউল গার্সিয়া। তবে ম্যাচে ফেরার জন্য সেটি যথেষ্ট ছিল না।পুরো ম্যাচজুড়ে ওসাসুনাই বেশি আক্রমণাত্মক ছিল। তবে একাধিক দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়া।এই হারে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে রয়েছে ওসাসুনা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার লড়াইয়ে তারা ষষ্ঠ স্থানে থাকা সেল্টা ভিগোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।