স্পোর্টস ডেস্ক: উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে হারিয়ে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। একচেটিয়া আধিপত্য দেখিয়ে ইংলিশ ক্লাবটি ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের শিরোপাখরা কাটানোর পাশাপাশি সবমিলিয়ে ৩০ বছর পর কোনো ট্রফি জয়ের স্বাদ পেল।
দলের এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভাঙা আঙুল নিয়েও পুরো ম্যাচ খেলেছেন তিনি। একই সঙ্গে নিজের ক্যারিয়ারে খেলা সাতটি ফাইনালেই জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রেখেছেন এই তারকা গোলরক্ষক।
২০ মে বুধবার ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া প্রতিক্রিয়ায় মার্টিনেজ বলেন, ‘সত্যি বলতে এটা গর্বের বিষয়। আমি এখনও প্রতিটি ম্যাচ থেকে শিখছি। ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে যায়। তবে খারাপ পরিস্থিতির মাঝেও ভালো কিছু লুকিয়ে থাকে। জীবনভর এভাবেই এগিয়েছি এবং সামনেও এগিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘এর আগে কখনও আঙুল ভাঙেনি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু এসবের মধ্য দিয়েই যেতে হয়। অ্যাস্টন ভিলার জার্সি পরে খেলতে পারাটা আমার জন্য গর্বের।’
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মার্টিনেজের আঙুলের চোট গুরুতর নয় এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতিতে এর কোনো প্রভাব পড়বে না। ব্যথা থাকা সত্ত্বেও তিনি ভিলার হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।
শিরোপা জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যান মার্টিনেজ। কখনও কোচ উনাই এমেরিকে জড়িয়ে ধরেন, কখনও সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়াকে কাঁধে তুলে উদযাপন করেন। পরে গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করেন তিনি।
এখন পর্যন্ত কোনো ফাইনালেই হারেননি মার্টিনেজ। তার এই জয়যাত্রা শুরু হয় ২০২০ সালে আর্সেনালের হয়ে। ওই বছর এফএ কাপ ফাইনালে চেলসি এবং কমিউনিটি শিল্ডে লিভারপুলকে হারিয়ে প্রথম ফাইনাল জয় পান তিনি।
এরপর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকাতেও শিরোপা জয়ের অংশ ছিলেন এই গোলরক্ষক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available