• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:০৯:২১ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল মেক্সিকো

১২ জুন ২০২৬ সকাল ০৭:৫২:৩৯

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক: প্রায় এক শতাব্দীর অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়েছে মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৯৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে প্রথম জয়ের দেখা পেয়েছে এল ত্রি। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে স্বাগতিকরা।

বাংলাদেশ সময় ১২ জুন শুক্রবার মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেক্সিকো। ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে তারা।

বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের গল্পটা এতদিন ছিল হতাশা আর অপূর্ণতার। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ফ্রান্সের মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে ৪-১ গোলে হারের মধ্য দিয়ে শুরু হয় তাদের বিশ্বকাপ যাত্রা।

এরপর ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের কাছে ৪-০, ১৯৫৪ সালে আবারও ব্রাজিলের কাছে ৫-০, ১৯৫৮ সালে সুইডেনের কাছে ৩-০ এবং ১৯৬২ সালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারে মেক্সিকো।

তবে সব উদ্বোধনী ম্যাচই যে পরাজয়ে শেষ হয়েছে, তা নয়। ১৯৭০ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। দীর্ঘ বিরতির পর ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ১-১ গোলে ড্র করে মেক্সিকো।

অবশেষে ২০২৬ সালে এসে সেই অপূর্ণতার অবসান ঘটল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে এবার কোনো ভুল করেনি মেক্সিকো। জয়ের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল তারা।

বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে ৯৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই জয় শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয়, বরং মেক্সিকান ফুটবলের ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

সূত্র: ফিফা, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us