স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে নামতেই ইতিহাস গড়লেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে তিনি মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর পরিবর্তে মাঠে নামেন মোরা। বিশ্বকাপে অভিষেকের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে প্রায় এক শতাব্দী ধরে অক্ষুণ্ন থাকা একটি রেকর্ড নিজের করে নেন এই প্রতিভাবান ফুটবলার।
এর আগে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ডটি ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। দীর্ঘ ৯৬ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন মোরা।
শুধু মেক্সিকোর ইতিহাসেই নয়, বিশ্বকাপের ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলা ফুটবলারদের তালিকায় এখন ষষ্ঠ স্থানে রয়েছেন মোরা। তার ঠিক ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে পেলের অভিষেক হয়েছিল ১৭ বছর ২৩৫ দিন বয়সে, যা মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম।
বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে রেকর্ডটি এখনও ধরে রেখেছেন নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ বিশ্বকাপে তিনি মাঠে নেমেছিলেন মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে। তালিকায় এরপর রয়েছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।
তবে বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কোনো ঘটনা নয়। গত বছর মাত্র ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইতিহাস গড়ে এবার আরও বড় মঞ্চে নিজের সামর্থ্যের জানান দিলেন মোরা। ফুটবলবিশ্বের নজর এখন এই তরুণ প্রতিভার পরবর্তী পথচলার দিকে।
সূত্র: ফিফা, ইএসপিএন এফসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available