• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪৬:২৬ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

২৬ জুন ২০২৬ দুপুর ১২:০৯:২৮

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে বড় জয়েও সন্তুষ্ট নয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও জানিয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে সিবিএফ। অভিযোগপত্রে একই ধরনের একটি ঘটনার উদাহরণ হিসেবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।

বিতর্কিত ঘটনাটি ঘটে ম্যাচের ২৪তম মিনিটে। স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। দর্শকরা গোল উদযাপন শুরু করলেও ভিডিও সহকারী রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করেন।

ভিএআরের পরামর্শে মেক্সিকান রেফারি সিজার রামোস সাইডলাইনের মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন, বল দখলের সময় ভিনিসিয়ুস প্রতিপক্ষের বিরুদ্ধে ফাউল করেছিলেন। এরপরই গোলটি বাতিল করা হয়।

রেফারির এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা লজ্জাজনক।”

গোল বাতিলের পরপরই আনুষ্ঠানিক অভিযোগ জানায় সিবিএফ। তাদের দাবি, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার জাভের শ্লাগারের কাছ থেকে বল দখল করার সময় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই আক্রমণ থেকেই লিওনেল মেসি গোল করলেও মিশরীয় রেফারি আমিন ওমর কোনো ফাউল দেননি এবং খেলা চালিয়ে যেতে দেন।

সিবিএফের মতে, দুই ম্যাচে একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তবে এই বিতর্কের মাঝেও নকআউট পর্বে নিজেদের লক্ষ্য থেকে সরে যেতে চায় না ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির দল এখন পুরো মনোযোগ দিচ্ছে পরবর্তী ম্যাচে।

রাউন্ড অব ৩২-এ আগামী ২৯ জুন সোমবার জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে জাপান। সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের নকআউট মিশন শুরু করবে সেলেসাওরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us