• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০১:০৫ (26-Jun-2026)
  • - ৩৩° সে:
১৮ জন অফিস সহায়কের ১৭ জনই ইঞ্জিনিয়ার-এমবিএ-মাস্টার্স পাস

১৮ জন অফিস সহায়কের ১৭ জনই ইঞ্জিনিয়ার-এমবিএ-মাস্টার্স পাস

ডেস্ক রিপোর্ট: এসএসসি পাস যোগ্যতার অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছেন ১৮ জন। তবে তাদের মধ্যে ১৭ জনই বিএসসি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এমবিএ, অনার্স কিংবা মাস্টার্স ডিগ্রিধারী। ব্যতিক্রম শুধু একজন, যিনি এইচএসসি পাস।পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় এসব নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরীতে প্রায় ৮ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ৪ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির, রাজনৈতিক প্রভাব বা অর্থ লেনদেনের সুযোগ ছিল না বলেও তিনি দাবি করেন।নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইডেন মহিলা কলেজ এবং সরকারি এডওয়ার্ড কলেজ-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রার্থীরা।অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই নিয়োগ প্রক্রিয়া তাঁর কর্মজীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমি দুর্নীতি করব না, কাউকেও দুর্নীতি করতে দেব না।”স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার উদ্যোগকে স্থানীয় বিভিন্ন মহল ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।সূত্র: ঢাকা প্রকাশ