ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা দেবে আইএফসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান মূলধন ঘাটতি কমাতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে গতি ফেরাতে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।১৫ এপ্রিল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকের সাইডলাইনে অনুষ্ঠিত এক সভায় সংস্থাটি এই সহায়তার প্রতিশ্রুতি দেয়।বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকিং খাত সংস্কার, আর্থিক স্থিতিশীলতা এবং বেসরকারি খাত উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগ ও সহায়তা নিয়ে আলোচনা করেন।বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আইএফসি শুধু ব্যাংকিং খাতের মূলধন ঘাটতি মোকাবিলায় নয়, বরং বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প পুনরায় চালু করতেও সহায়তা দিতে আগ্রহী। বিশেষ করে, মূলধন সংকটে থাকা বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য বড় ধরনের অর্থায়নের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে চলমান চাপ কমাতে আইএফসির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।সরকার ব্যাংকিং খাত সংস্কারে কাজ করছে এবং আইএফসির সহায়তা সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলেও জানান অর্থমন্ত্রী।