• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৪:৪৩ (28-Mar-2026)
  • - ৩৩° সে:
শরীয়তপুরে বিএনপির ৬ সমর্থকে কুপিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরে বিএনপির ৬ সমর্থকে কুপিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পূর্বের রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাওন ও তার সহযোগীদের বিরুদ্ধে।২৭ মার্চ শুক্রবার উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ধানকাঠি ইউনিয়নে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। ঈদকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়ে যায়। এ অবস্থায় বিরোধ নিষ্পত্তির কথা বলে শাওনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়।অভিযোগ রয়েছে, সেই ডাকে সাড়া দিয়ে মালেক খানসহ কয়েকজন নির্ধারিত স্থানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শাওন, রিফাতসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাদের ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা শাওন হাওলাদারের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তার সহযোগী রিফাতের বাড়িতেও ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’