ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে।১৩ মার্চ শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ প্লেনটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।বৃহস্পতিবারের এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে।