• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৩৪:১৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:
কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

কাতারের গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি প্রধান গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।২১ জুন রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর তীব্রতায় রাজধানী দোহাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে।ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র রাস লাফফানের ভেতরে কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো তল্লাশি অভিযান শুরু করা হয়।বিস্ফোরণের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাথমিকভাবে এটিকে ভূমিকম্প বা নতুন কোনো সামরিক হামলা বলে মনে করেছিলেন। তবে কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ক্ষতিকর গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েনি।সূত্র: গালফ নিউজ ও সিনহুয়া