ক্যানসারে আক্রান্ত পরিচালক ও নাট্যকার মাতিয়া বানু শুকু
নিজস্ব প্রতিবেদক: গুণী পরিচালক ও নাট্যকার মাতিয়া বানু শুকু ক্যানসারের সঙ্গে লড়ছেন। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তার পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় তার স্বজনরা সরকারের সহায়তা কামনা করেছেন।নাট্যাঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আব্দুল মতিনের মেয়ে। তিনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায়ও সাফল্য দেখিয়েছেন। ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহে কেমোথেরাপি এবং নির্দিষ্ট সময় পরপর অন্যান্য থেরাপি নিতে হওয়ায় চিকিৎসার ব্যয় বহুগুণ বেড়ে গেছে, যা পরিবারটির ওপর বড় আর্থিক চাপ সৃষ্টি করেছে।মাতিয়া বানু শুকুর স্বামী ও নির্মাতা নুরুল আলম আতিক বলেন, শিল্পীজীবনে আর্থিক নিরাপত্তা না থাকায় হঠাৎ এমন গুরুতর অসুস্থতায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরিচিতজনদের সহযোগিতা পাওয়া গেলেও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।তিনি আরও জানান, পুনরায় চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়ার প্রস্তুতি চলছে এবং এ জন্য আগামী ২৩ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসা চালিয়ে যেতে রাষ্ট্রীয় সহায়তা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। সরকার পাশে দাঁড়ালে পরিবার কৃতজ্ঞ থাকবে বলেও আশা প্রকাশ করেন।এদিকে, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে, যেন তিনি আবার সুস্থ হয়ে সৃষ্টিশীল কাজে ফিরতে পারেন।