• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪২:২০ (02-May-2026)
  • - ৩৩° সে:
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউইদের জয়, সিরিজ সমতা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউইদের জয়, সিরিজ সমতা

স্পোর্টস ডেস্ক: দারুণ শুরু করেও টি-টোয়েন্টি সিরিজে সমতায় সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। শেষ ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এলেও ফলাফল এসেছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ৬ উইকেটে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফলে দুই দলের মধ্যে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি-বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়।জবাবে ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। যদিও ছোট লক্ষ্য নিয়েও লড়াইয়ের চেষ্টা করে বাংলাদেশের বোলাররা। নতুন বলে শরিফুল ইসলাম দুর্দান্ত শুরু এনে দেন, ইনিংসের দ্বিতীয় ওভারে নেন দুই উইকেট এবং পরে আরেকটি উইকেট যোগ করেন।শেখ মেহেদিও উইকেট তুলে নিয়ে কিউইদের চাপে ফেলেন। মাত্র ৩৩ রানেই টপ অর্ডারের চার ব্যাটার হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। তবে বেভন জেকবসের ঝড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তিনি ৩১ বলে অপরাজিত ৬২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও পাওয়ার প্লের শেষ দিকে ধাক্কা খায় বাংলাদেশ। বৃষ্টির আগে ৬.৪ ওভারে ৫০ রান সংগ্রহ করে দলটি। লিটন দাস তখন ২৫ রানে অপরাজিত ছিলেন।দুই ঘণ্টা বিরতির পর খেলা শুরু হলে ইনিংস কমে দাঁড়ায় ১৫ ওভারে। বৃষ্টির পর লিটন ২৬ রানে আউট হন এবং হৃদয় ৩৩ রান করে ফিরে গেলে ব্যাটিংয়ে ধস নামে। পরের ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য রান করতে না পারায় কোনোরকমে একশ পার করে অলআউট হয় বাংলাদেশ।শেষ পর্যন্ত সেই রান ডিফেন্ড করতে না পেরে ম্যাচ ও সিরিজ সমতায় শেষ করে স্বাগতিকরা।