• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০৪:১৮ (27-Feb-2026)
  • - ৩৩° সে:
নিষিদ্ধ আ.লীগের কার্যালয় খোলায় জামায়াতের গভীর উদ্বেগ

নিষিদ্ধ আ.লীগের কার্যালয় খোলায় জামায়াতের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য অশনিসংকেত।তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এ ধরনের পদক্ষেপ জনমনে প্রশ্ন তৈরি করছে। তার দাবি, এসব কার্যালয়ে বসে পুনরায় দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার আশঙ্কা রয়েছে।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার যদি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তবে তা আইনের প্রতি অবজ্ঞার শামিল হবে। তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা ও সহিংসতার অভিযোগে গ্রেফতার ব্যক্তিদের বিচার নিশ্চিত না করে তাদের সাংগঠনিক কার্যক্রমে সুযোগ দেওয়ার যে কোনো প্রচেষ্টা জাতির প্রত্যাশার পরিপন্থী।সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের কার্যালয় খোলার ঘটনায় প্রশাসনিক সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।