• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৫১:১৩ (26-Apr-2026)
  • - ৩৩° সে:
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।২৬ এপ্রিল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, গণমাধ্যম, সংস্কৃতি এবং জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। জবাবে তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের জন্য তার তুরস্ক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সফল আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। তবে এটি একক কোনো দেশের পক্ষে সম্ভব নয়; বরং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এর সহযোগিতা বৃদ্ধির প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, তুরস্ক সফরের সময় দেশটির প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউদ্দীন দুরানের সঙ্গে তথ্যমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা, জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।