পাম্পে নেই তেল, চায়ের দোকানে মিলছে দ্বিগুণ দামে
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের জ্বালানি হিসেবে ব্যবহৃত অকটেন সংকট তীব্র আকার ধারণ করেছে। সরকারি পেট্রোল পাম্প ও লাইসেন্সধারী তেলের দোকানগুলোতে অকটেন পাওয়া না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালকরা।তবে আশ্চর্যের বিষয়, এসব সংকটের মধ্যেই অননুমোদিতভাবে চায়ের দোকানে মিলছে অকটেন, তাও আবার চড়া দামে।স্থানীয় বাসিন্দা মো. নেজাম অভিযোগ করেন, মরিয়মনগরের বালুগোট্টা এলাকায় একটি চায়ের দোকান থেকে তিনি প্রতি লিটার ২০০ টাকা দরে অকটেন কিনতে বাধ্য হয়েছেন। তার ভাষ্য, পাম্পে না পেয়ে শেষ পর্যন্ত বিকল্প হিসেবে এমন ঝুঁকিপূর্ণ উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে।অভিযোগ রয়েছে, মরিয়ম বালুগোট্টা নামের ওই চায়ের দোকানে নিয়মিতভাবেই এভাবে অকটেন বিক্রি করা হচ্ছে। অথচ লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ এবং জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে পাম্পগুলোতে অকটেনের ঘাটতি থাকায় অনেকেই বাধ্য হয়ে বেশি দামে এসব অবৈধ উৎস থেকে জ্বালানি কিনছেন। এতে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, তেমনি বাড়ছে অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনার আশঙ্কা।সচেতন মহলের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় এই অনিয়ন্ত্রিত জ্বালানি বিক্রি বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।