নাটোরে অবৈধভাবে তেল মজুত, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।৩০ মার্চ সোমবার বিকেলে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়।সেইসঙ্গে মজুত তেল ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেয়া হয়। এই জ্বালানি তেল বিক্রির জন্য উপজেলা প্রশাসন থেকে অফিসার নিয়োগ করা হবে বলেও জানান তিনি।