মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে ভারতের মহারাষ্ট্রে একটি মন্দিরের দেয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।১২ মে মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। ঘটনার সময় প্রায় ৩৫০ জন দর্শনার্থী মন্দির চত্বরে উপস্থিত ছিলেন।সাঙ্গলি জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট তুষার দোশি জানান, সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি ও ঝড় শুরু হলে অনেকে মন্দিরের সীমানা দেয়ালের পাশে টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ দেয়ালের একটি অংশ এবং টিনশেড ধসে পড়ে।ধসে পড়া দেয়াল ও টিনশেডের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি।আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।