সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।১৫ মার্চ রোববার বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে তিনি এ সংক্রান্ত চেক তুলে দেন।এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।