সীমান্তে পুশইনের চেষ্টা, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে সীমান্তে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান নিয়েছেন।১০ জুন বুধবার ভোর ৫টার দিকে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিষয়টি টের পেয়ে জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী বাধা দেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে প্রায় ৩০ মিনিট ধরে বৈঠক চলে। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বিএসএফ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে না নিয়ে নো-ম্যান্স ল্যান্ডেই রেখে চলে যায়।এর পর থেকে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের দাবি, বিএসএফ কয়েক দফা ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে তা সম্ভব হয়নি।এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সকালে এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নো-ম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেয়। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছেন।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি নো-ম্যান্স ল্যান্ডেই অবস্থান করছিলেন এবং বিষয়টির কোনো স্থায়ী সমাধান হয়নি।