• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৩:৪৭ (04-Apr-2026)
  • - ৩৩° সে:
হাতিয়ার ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী রাজীব আহসান

হাতিয়ার ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী রাজীব আহসান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চলমান নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরেজমিন পরিদর্শনে এসে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি বলেন, নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, পাশাপাশি আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে।৪ এপ্রিল শনিবার সকাল ১১টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা নৌ-ঘাট পরিদর্শন এসে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ মন্তব্য করেন।নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দেশের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছি।প্রতিমন্ত্রী বলেন, আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।এছাড়াও নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।