প্রাথমিক বিদ্যালয়ে ১০টি শনিবারের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বড় ধরনের পরিবর্তন এনেছে সাপ্তাহিক ছুটির তালিকায়। রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট পড়াশোনার ঘাটতি কাটাতে আগামী ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২৪ মার্চ মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।নতুন নির্দেশনার অনুযায়ী, সাধারণত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হলেও, রমজানের ছুটির পর পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয় খোলা থাকবে এবং এই দিনগুলোতে অন্যান্য কার্যদিবসের মতোই পাঠদান ও শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সিলেবাসে যে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত চিঠি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কাছে পাঠানো হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ ও নতুন সময়সূচি অনুযায়ী বিদ্যালয় পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশ শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য। নির্ধারিত ১০টি শনিবার অতিবাহিত হওয়ার পর পুনরায় স্বাভাবিক সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) নিয়ম কার্যকর হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখা এবং বার্ষিক পরীক্ষার আগে সিলেবাস শেষ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।