আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
ডেস্ক রিপোর্ট: দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।২২ জুন সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলাগুলো হলো-কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলাগুলো হলো: ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে।আদেশে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হলো।এদিকে, মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে। এমন আশঙ্কা করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে বাহিনীর অপরাধ বিভাগের ৮ হাজার, ডিবি ও সিটিটিসির আড়াই হাজার, ট্রাফিক পুলিশ সাড়ে ৪ হাজার এবং অতিরিক্ত অপারেশন্স বিভাগ থেকে ৫ হাজার সদস্য।এ পুলিশ সদস্যরা রাজধানীর দুই শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লকরেইড। গোয়েন্দা নজরদারিতে থাকবে এসবি ও আইএডি। স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম। পুরো ঢাকা নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে ৪টি কন্ট্রোল রুম থেকে। কোনো ধরনের শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে ডিএমপি।পুলিশের পাশাপাশি রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১৫ প্ল্যাটুন বিজিবি, কাজ করবে র্যাবের বিশেষ টিম। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবেন তারা।