• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫৯:৫২ (08-May-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ

বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ।৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সংস্থাটি।চুক্তি অনুযায়ী বিমান মোট ১৪টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে থাকবে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।সরকার ও বিমান কর্মকর্তারা জানান, যাত্রী চাহিদা বাড়ার প্রেক্ষাপটে বহর আধুনিকায়ন, দূরপাল্লার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক রুট সম্প্রসারণই এই ক্রয়ের মূল লক্ষ্য। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন রুটে সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন কবিরও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক ও এভিয়েশন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।বিমান কর্মকর্তাদের মতে, এই বহর সম্প্রসারণের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আরও এগিয়ে যাবে।বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তির মাধ্যমে বোয়িং ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস-এর মধ্যে দীর্ঘদিনের প্রতিযোগিতারও অবসান ঘটতে যাচ্ছে।