• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৯:০৬ (03-Mar-2026)
  • - ৩৩° সে:
শাকিব খানকে ‘মাল’ দেয়া জিল্লু এবার রাক্ষসে

শাকিব খানকে ‘মাল’ দেয়া জিল্লু এবার রাক্ষসে

বিনোদন প্রতিবেদক: ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে বাংলাদেশি দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত এই ছবিটি তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। সেখানে তিনি অভিনয় করে জিল্লু নামের চরিত্রে।ছবিতে তাকে সম্বোধন করে শাকিব খানের ‘এই জিল্লু মাল দে’ সংলাপটিই মূলত তাকে দারুণ জনপ্রিয় করে তুলে। দর্শকের মুখে মুখে ঘুরেছে সেই সংলাপ। আর ‘জিল্লু’ হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড।সেই জিল্লু’খ্যাত শ্যাম ফিরছেন আবারও বাংলাদেশি সিনেমায়। ভিন্ন চরিত্রে, ভিন্ন নামে তাকে দেখা যাবে দেশের আরেক নায়ক সিয়াম আহমেদের সঙ্গে। আসছে রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমায় চমক নিয়ে হাজির হবেন তিনি।‘বরবাদ’-এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন এ সিনেমাটি নির্মাণ করেছেন হৃদয়। রিয়েল এনার্জির ব্যানারে নির্মিত ‘রাক্ষস’ হতে যাচ্ছে আসন্ন ঈদের সেরা একটি সিনেমা, এমনটাই প্রত্যাশা তার। অন্ধকার ও ভয়ংকর আবহের এই গল্পে দর্শক মুগ্ধ করবেন সিয়াম। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শ্যাম ভট্টাচার্যকেও।তবে তিনি ঠিক কোন ভূমিকায় অভিনয় করছেন, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা। রহস্য রেখেই এগোচ্ছে ছবির প্রচারণা।এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা ঘিরে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। সেখানে দেখা গেছে, সাদা একটি ঘর। মেঝেজুড়ে রক্তের ছোপ। মাঝখানে রক্তভর্তি বাথটাব, তাতে নিথর পড়ে থাকা একটি বাঘ। বাথটাবের পাশে দাঁড়িয়ে সিয়াম আহমেদ, পরনে সাদা স্যুট। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। মৃত বাঘটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্তে তার চোখে ধরা পড়ে ধ্বংস আর বিষাদের মিশেল। দাঁতে চেপে ধরা একটি গোলাপ দৃশ্যটিকে আরও রহস্যময় করে তুলেছে।সব মিলিয়ে স্পষ্ট, ‘রাক্ষস’ প্রচলিত ধারার সিনেমা নয়। ভিজ্যুয়াল ভাষাতেই নির্মাতা ইঙ্গিত দিয়েছেন সহিংসতা, মানসিক দ্বন্দ্ব ও অন্ধকারে মোড়া এক কাহিনির।এই ছবিতে সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ইতোমধ্যে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় হয়েছে ছবির কিছু অংশের শুটিং। পরিকল্পনা রয়েছে আসন্ন ঈদে ছবিটি মুক্তির।তবে সবকিছু ছাপিয়ে ‘বরবাদ’ ছবিতে শাকিবের সঙ্গে জিল্লু চরিত্রে সাফল্য পাবার পর শ্যাম ভট্টাচার্য সিয়ামের সঙ্গে নিজেকে কতোটা মেলে ধরতে পারেন সে নিয়েই তৈরি হয়েছে কৌতুহল।