গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ আটক ৬
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রিসোর্টে বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।১৭ এপ্রিল শুক্রবার গভীর রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে রাতভর তল্লাশি চালানো হয়। এ সময় রিসোর্টের বিভিন্ন স্থান থেকে অবৈধ দেশি-বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।