• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ১১:২৩:২২ (09-Apr-2026)
  • - ৩৩° সে:
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল

সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী জোটের সংসদ সদস্যরা।৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে জাতীয় সংসদ থেকে তারা ওয়াকআউট করেন।এর আগে বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয় এবং পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিল পাসের পর প্রতিক্রিয়ায় দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজ যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, তার দায় আমরা নিতে চাই না। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’ওয়াকআউটের ঘোষণা দিয়ে তিনি জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।এ সময় ডেপুটি স্পিকার বক্তব্য দেওয়ার সুযোগ দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলের সদস্যরা আইন প্রণয়নের সব ধাপে অংশ নিয়েছেন এবং কেউ কেউ সমর্থনও দিয়েছেন। সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিরোধী সদস্যরা আবার অধিবেশনে যোগ দেবেন।উল্লেখ্য, চলতি ত্রয়োদশ জাতীয় সংসদে এটি তৃতীয়বারের মতো ওয়াকআউট করল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট। এর আগে ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে এবং ১ এপ্রিল ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ ইস্যুতে আলোচনার দাবিতে তারা ওয়াকআউট করেছিল।