শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা শুরুর মধ্যেই ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননে হিজবুল্লাহকে ‘ঝামেলা সৃষ্টি’ থেকে বিরত রাখতে না পারলে তেহরানের ওপর আরও শক্তিশালী হামলা চালানো হবে।রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।দক্ষিণ লেবাননে গত কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনী ও তেহরানের মিত্র হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই সুইজারল্যান্ডে এই শান্তি আলোচনা শুরু হয়েছে। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি হওয়া প্রাথমিক শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানকে অবশ্যই লেবাননে তাদের বিপুল অর্থপুষ্ট প্রক্সিদের অবিলম্বে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে। তারা যদি তা না করে, তাহলে আমরা গত সপ্তাহের মতোই ইরানের ওপর আবারও খুব জোরালো আঘাত হানব। তবে এবার আঘাত হবে আরও শক্তিশালী।’শনিবার পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন। তবে সেদিন সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বন্ধের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে বৈরিতা ও সংঘাত বন্ধের শর্ত রাখা হয়। রোববার সুইজারল্যান্ডে আলোচনার শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখার ক্ষেত্রে গত কয়েক দিনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তিনি বলেন, ‘আমরা সবাই আঞ্চলিক শান্তির লক্ষ্যে কাজ করছি। লেবাননে আমরা বর্তমানে যে অবস্থানে আছি, তা নিয়ে আমি আশাবাদী। এখনও কিছু কাজ বাকি আছে, তবে আমরা সেটি নিয়ে কাজ চালিয়ে যাব।’ভ্যান্স আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে লেবাননের সংঘাত থামাতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র অন্য যেকোনো দেশের তুলনায় বেশি ভূমিকা রেখেছে।সূত্র: এএফপি