নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
১৫ জুন সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান। এর আগে, ১৪ জুন রোববার সন্ধ্যায় চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)।
র্যাব জানায়, শিশুটির পরিবার ও গ্রেফতার দুই আসামি ফতুল্লার লামাপাড়া এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। প্রতিবেশী হওয়ায় তারা প্রায়ই শিশুটির পরিবারের বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে আদর-স্নেহ করতেন।
গত ১২ জুন সকাল প্রায় ১১টার দিকে আদর করার কথা বলে দুই বছরের শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সুজন মিয়া ও মাজেদা। পরে তারা শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিছুসময় পর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার অভিযোগ করলে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে র্যাব। পরে রোববার সন্ধ্যা ৬টার দিকে চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই র্যাব তদন্ত শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে নিরাপদে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available