নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের দাবি, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার বেশি সংখ্যক নিরাপত্তা সদস্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।


তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইসি সন্তুষ্ট। তবে তফসিল ঘোষণার পর বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এসব না ঘটলে পরিবেশ আরও ভালো থাকত।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্ধারিত সময় শেষে কেন্দ্রের ভেতরে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণ করা হবে। ৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। ফলে ২৯৯ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।
এবার নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।
সারা দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ।
সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে। সব মিলিয়ে কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৯৫৮টি। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে ‘সাধারণ’ এবং বাকি ৫০ শতাংশকে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন প্রায় ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। গত কয়েক সপ্তাহে সারা দেশে ৮৫০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ।
তিনি বলেন, প্রথমবারের মতো নির্বাচনে ড্রোন (ইউএভি), বডি ওর্ন ক্যামেরা ও ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি নজরদারি নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক এবং প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। এছাড়া প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, যার মধ্যে বিদেশি সাংবাদিক প্রায় ১৫৬ জন।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুটি ব্যালট একসঙ্গে গণনা করা হবে। কেন্দ্র পর্যায়ে প্রাথমিক ফল প্রকাশের পর তা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হবে। অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছে কমিশন।
রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের উদ্দেশে ইসি সানাউল্লাহ বলেন, সবাই যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখেন। কোথাও উত্তেজনা থাকলে তা প্রশমিত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কমিশন কোনো পূর্বানুমান করতে চায় না। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটারদের মধ্যে উৎসাহ রয়েছে এবং ভোটার উপস্থিতি ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available