অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণেই বাংলাদেশের জনগণ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। তিনি দাবি করেন, ভারতের পরীক্ষামূলকভাবে চালু করা ফারাক্কা বাঁধ বর্তমানে দেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
১৫ মে শুক্রবার, ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আজ থেকে ৪৯ বছর আগে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ফারাক্কার উদ্দেশ্যে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল।’

তিনি অভিযোগ করেন, ভারত ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করে। এর ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ এখনও চালু থাকায় এটি এখন মরণফাঁদে রূপ নিয়েছে।’
তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, মাওলানা ভাসানী দূরদর্শিতার সঙ্গে এ সংকটের আশঙ্কা করেছিলেন এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন।
বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে নিষ্ফলা ও উষর ভূমিতে পরিণত হওয়ার আলামত ইতোমধ্যে ফুটে উঠেছে।’
ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেওয়া কর্মসূচির সাফল্যও কামনা করেন বিএনপি মহাসচিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available